খাদ্য সুরক্ষা ও গণবন্টন ব্যবস্থা আরও কার্যকর করার উপর জোর, আন্তঃরাজ্য সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত
বরাককণ্ঠ প্রতিবেদন: অসমের খাদ্য, গণবন্টন ও ভোক্তা পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ আগরতলায় ত্রিপুরা সরকারের খাদ্য, অসামরিক সরবরাহ ও ভোক্তা পরিক্রমা বিভাগের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার নির্দেশনায় অনুষ্ঠিত এই বৈঠকে খাদ্য সুরক্ষা, গণবন্টন ব্যবস্থার আরও কার্যকারিতা, জনকল্যাণমূলক প্রকল্পগুলির ফলপ্রসূ রূপায়ণ, পরিষেবার পরিধি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কাছে আরও দক্ষতার সঙ্গে পরিষেবা পৌঁছে দেওয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দুই রাজ্যের অভিজ্ঞতা ও সেরা পদ্ধতিগুলি নিয়ে মতবিনিময় করা হয়। এই আলোচনা খাদ্য ও ভোক্তা কল্যাণ সংক্রান্ত কর্মসূচিগুলি আরও সুসংহতভাবে রূপায়ণ করার পাশাপাশি অসম ও ত্রিপুরার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে। বৈঠকের শেষে মন্ত্রী শ্রী রায় বলেন, আন্তঃরাজ্য সহযোগিতা ও পারস্পরিক শিক্ষার মাধ্যমে জনকল্যাণমূলক পরিষেবাগুলি উন্নত ও স্বচ্ছতার সঙ্গে আরও ফলপ্রসূভাবে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমন্বিত প্রচেষ্টা, সুশাসন এবং আন্তঃরাজ্য সহযোগিতার মাধ্যমে অন্তোদয়ার লক্ষ্য পূরণের দিকে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বৈঠকে অসমের খাদ্য, গণবন্টন ও ভোক্তা পরিক্রমা বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব বিশ্ব রঞ্জন সামাল, কমিশনার হেমন্ত ভূঞা, ত্রিপুরা সরকারের খাদ্য, অসামরিক সরবরাহ ও ভোক্তা পরিক্রমা বিভাগের প্রধান সচিব শান্তনু এবং সঞ্চালক সুমিত লোধ উপস্থিত ছিলেন।













