বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : উত্তর-পূর্ব ভারতে ডিজাইন, প্রযুক্তি, উদ্ভাবন ও উদ্যোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে আইআইটি গুয়াহাটির ডিজাইন বিভাগ INDIS 2026 (International Conference on Design and Innovation Studies) আয়োজন করতে চলেছে। আইআইটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলা INDIS 2026 এবং Asia Design Week-এ আন্তর্জাতিক স্তরের মূল বক্তা, ডিজাইন গবেষক, নীতিনির্ধারক এবং উদীয়মান প্রতিভাদের একত্রিত করা হবে।
ভারতে প্রথমবারের মতো INDIS 2026-এর সঙ্গে যৌথভাবে Asia Design Week আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে এশিয়ার বিভিন্ন প্রান্তের আন্তর্জাতিক গবেষক, প্রযুক্তি সংস্থা, স্টার্টআপ এবং ডিজাইন প্রতিষ্ঠানগুলি অংশগ্রহণ করবে। এর পাশাপাশি উত্তর-পূর্ব ভারতকে কেন্দ্র করে North East Design Entrepreneurship Challenge হিসেবে IDEAx-এর সিটি চ্যাপ্টারও আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। বিভিন্ন IIM এবং দেশের অন্যান্য প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত এবং Trijos Foundation-এর সহযোগিতায় বাস্তবায়িত IDEAx হল ক্যারিয়ার গাইডেন্স ও ডিজাইন উদ্যোগিতাকেন্দ্রিক একটি বিশেষ মঞ্চ। IDEAx Design Conclave-এর মাধ্যমে শিক্ষাক্ষেত্র, শিল্পক্ষেত্র এবং উদীয়মান উদ্যোক্তাদের একই মঞ্চে নিয়ে আসার লক্ষ্য নেওয়া হয়েছে।
২৮ সেপ্টেম্বর IDEAx Design Innovation Challenge-এর আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই চ্যালেঞ্জে তিন সদস্যের একটি দলকে ৫ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে নিজেদের ব্যবসায়িক ধারণা জমা দিতে হবে। জমা পড়া ধারণাগুলির মধ্য থেকে ১৫টি দলকে বেছে নেওয়া হবে। নির্বাচিত দলগুলি ১৮ ডিসেম্বর, ২০২৬ আইআইটি গুয়াহাটি ক্যাম্পাসে নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পাবে। এই প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য ১ লক্ষ টাকার নগদ পুরস্কার রাখা হয়েছে।
মাননীয় বিধায়ক, নিউ গুয়াহাটি দিলীপু রঞ্জন শর্মার নেতৃত্বে শুরু হওয়া এই উদ্যোগকে আইআইটি গুয়াহাটির ডিজাইন বিভাগের অধ্যাপক প্রটুল চন্দ্র কলিতা এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি আইআইটি গুয়াহাটি এবং IIM Lucknow-এর প্রাক্তন ছাত্র ড. সৌমেন দাস এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেন। তিনি নিজের জীবনযাত্রার অভিজ্ঞতা তুলে ধরে দেখান, কীভাবে উত্তর-পূর্ব ভারতের একটি গ্রামীণ এলাকার একজন তরুণ আইআইটি ও IIM-এর মতো প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়ে আমেরিকার General Motors-এর মতো আন্তর্জাতিক সংস্থায় কাজ করার স্বপ্ন বাস্তবায়িত করতে পারেন। তাঁর বক্তব্য উপস্থিত অংশগ্রহণকারীদের বিশেষভাবে অনুপ্রাণিত করে।
উত্তর-পূর্ব ভারতের তরুণ প্রজন্মের মধ্যে ডিজাইন থিংকিং, উদ্যোগিতা এবং ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা তৈরি করাই IDEAx-এর অন্যতম প্রধান উদ্দেশ্য। আইআইটি গুয়াহাটির বিজনেস স্কুল হিসেবে IIM Guwahati-এর গুরুত্ব, ব্যবস্থাপনা শিক্ষার সম্ভাবনা এবং ম্যানেজমেন্টকে ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে গ্রহণের বিষয়ে ছাত্রছাত্রী ও যুবসমাজের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যওে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে Boston Consulting Group (BCG)-এর Managing Director তথা Senior Partner নিশান্ত গুপ্তা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপকদের উপস্থিতিও অনুষ্ঠানটিকে বিশেষভাবে সমৃদ্ধ করে।
উল্লেখ্য, IDEAx Management, Entrepreneurship & Innovation Conclave ২৮ সেপ্টেম্বর, ২০২৬ গুয়াহাটির T.I.M.E. Guwahati Centre-এর ষষ্ঠ তলায়, চিত্রবন এনক্লেভ, Zoo Road-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উত্তর-পূর্ব ভারতের তরুণ প্রজন্মের মধ্যে ডিজাইন, উদ্ভাবন, উদ্যোগিতা ও ব্যবস্থাপনা শিক্ষাকে একসূত্রে যুক্ত করে নতুন ক্যারিয়ার সম্ভাবনার সন্ধান দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করে।












