,

অসমে জনগণনার প্রথম পর্যায় শুরু ১৭ অগস্ট, মাঠে নামছেন ৮৩ হাজার কর্মী

বরাককণ্ঠ প্রতিবেদন: অসমে জনগণনার প্রথম পর্যায়ের সময়সূচি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই কাজে মোট ৮৩ হাজারের বেশি কর্মী মোতায়েন করা হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্য জুড়ে বাড়ি তালিকাকরণ ও গৃহগণনার কাজ আগামী ১৭ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অনলাইনে স্ব-অন্তর্ভুক্তির সুযোগ তার আগে, ২ অগস্ট থেকে ১৬ অগস্ট পর্যন্ত নাগরিকরা সরকারি অনলাইন পোর্টালের…

বরাককণ্ঠ প্রতিবেদন: অসমে জনগণনার প্রথম পর্যায়ের সময়সূচি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই কাজে মোট ৮৩ হাজারের বেশি কর্মী মোতায়েন করা হবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্য জুড়ে বাড়ি তালিকাকরণ ও গৃহগণনার কাজ আগামী ১৭ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

অনলাইনে স্ব-অন্তর্ভুক্তির সুযোগ
তার আগে, ২ অগস্ট থেকে ১৬ অগস্ট পর্যন্ত নাগরিকরা সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে স্ব-অন্তর্ভুক্তির কাজ করতে পারবেন। এই সময়ের মধ্যে নিজের পরিবারের তথ্য নিজেই আপলোড করার সুযোগ থাকবে।

প্রস্তুতি বৈঠক
জনগণনা কর্মসূচির প্রস্তুতি নিয়ে সম্প্রতি মুখ্যসচিব রবি কোটার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে। বৈঠকে প্রাথমিক পর্যায়ের কাজ, মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ, ডিজিটাল পরিকাঠামো, তদারকি ব্যবস্থা এবং জনসচেতনতা সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখা হয়।

প্রতিটি জেলায় কন্ট্রোল রুম খোলা হবে। সুপারভাইজার ও এনুমারেটরদের মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

দ্বিতীয় পর্যায় ২০২৭ সালে
সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, জনগণনার দ্বিতীয় পর্যায় ২০২৭ সালের ফেব্রুয়ারিতে দেশের বাকি অংশের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে মূলত বাড়ির তালিকা, বাড়ির ধরন, সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যার হিসেব নেওয়া হবে।

জনগণনা অধিকর্তা জানিয়েছেন, এবার সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে হবে। নাগরিকদের কাছে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *