ধর্মানন্দের আরটিআইয়ে প্রকাশ্যে বরাক উন্নয়নের খতিয়ান: ২০২৫-২৬ অর্থবর্ষে ১০৫.০৭ কোটি বরাদ্দ, ১৮ প্রকল্প চলমান

বরাককণ্ঠ প্রতিবেদন: শিলচরের বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেবের দাখিল করা এক আরটিআই আবেদনের জবাবে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ ২০২৫-২৬ অর্থবর্ষে গৃহীত প্রকল্প ও বরাদ্দের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া এই তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষে বিভাগের জন্য মোট ১০,৫০৭.৫৯ লক্ষ টাকা, প্রায় ১০৫.০৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের স্টেট…

বরাককণ্ঠ প্রতিবেদন: শিলচরের বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেবের দাখিল করা এক আরটিআই আবেদনের জবাবে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ ২০২৫-২৬ অর্থবর্ষে গৃহীত প্রকল্প ও বরাদ্দের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া এই তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষে বিভাগের জন্য মোট ১০,৫০৭.৫৯ লক্ষ টাকা, প্রায় ১০৫.০৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার তথা উপ-সচিব মিনু দাস স্বাক্ষরিত জবাবে জানানো হয়েছে, মোট বরাদ্দের মধ্যে রাজস্ব খাতে ৫০৭.৫৯ লক্ষ টাকা এবং মূলধনী খাতে ১০,০০০ লক্ষ টাকা রয়েছে।

স্বাস্থ্য-ক্রীড়া-শিক্ষায় ১৮ প্রকল্প
আরটিআইয়ের সঙ্গে সংযুক্ত প্রকল্প তালিকা অনুযায়ী, স্বাস্থ্য, ক্রীড়া, শিক্ষা, ধর্মীয় পর্যটন, সামাজিক অবকাঠামো এবং পুনর্বাসন সংক্রান্ত মোট ১৮টি প্রকল্প বর্তমানে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

সবচেয়ে বড় প্রকল্প হিসেবে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা হাসপাতালে এমআরআই মেশিন স্থাপনের জন্য ৩,৬১৮ লক্ষ টাকা, ৩৬.১৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পটির প্রস্তাব ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং ক্রয় প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো হয়েছে।

এছাড়া বরাক উপত্যকার বিভিন্ন চা বাগানে ৬০টি নাচঘর বা কমিউনিটি হল নির্মাণে ২,১০০ লক্ষ টাকা, ২১ কোটি টাকা এবং বিভিন্ন স্থানে বিষ্ণুপ্রিয়া-মৈতেই সম্প্রদায়ের জন্য ৩০টি কমিউনিটি হল নির্মাণে ১,০৫০ লক্ষ টাকা, ১০.৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

শিলচর ও আশপাশের প্রকল্প
শিলচর ও আশপাশের এলাকার জন্যও একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
১. শিলচরের ইন্ডিয়া ক্লাবের ইনডোর স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নে ১ কোটি টাকা
২. ইটখোলা ক্লাব মাঠ উন্নয়নে ৫০ লক্ষ টাকা
৩. পাঁচগ্রামে সিদ্ধেশ্বর মন্দির সংলগ্ন কমিউনিটি হল নির্মাণে ১ কোটি টাকা
৪. ভুবন তীর্থ সড়কে সিঁড়ি ও পথ নির্মাণে ২ কোটি টাকা
৫. ভুবন তীর্থ এলাকায় যাত্রী নিবাস, পানীয় জল ও শৌচাগার নির্মাণে ১ কোটি টাকা
৬. শিলকুড়িতে বরমবাবা মন্দির প্রাঙ্গণের সৌন্দর্যায়ন ও যাত্রী নিবাস নির্মাণে ২ কোটি টাকা
৭. শিলচরে মণিপুরি যুব হোস্টেল নির্মাণে ১.৫০ কোটি টাকা
৮. শ্রীভূমি সার্কিট হাউস সংস্কারে ১.৫০ কোটি টাকা
৯. বৈঠাখাল কালীবাড়ি সংলগ্ন কমিউনিটি হলের পরিকাঠামো উন্নয়নে ৫০ লক্ষ টাকা
১০. শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের ভবন সংস্কার ও আধুনিকীকরণে প্রায় ১.৭৫ কোটি টাকা

ক্রীড়া ও শিক্ষার প্রকল্প
ক্রীড়া ও শিক্ষার ক্ষেত্রেও একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে:
১. পাথারকান্দির মুণ্ডামালার মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠ উন্নয়নে ৫০ লক্ষ টাকা
২. রামকৃষ্ণনগর ডিএসএ মাঠ উন্নয়নে ১ কোটি টাকা
৩. লক্ষীপুর ডিএসএ মাঠ উন্নয়নে ১ কোটি টাকা

পুনর্বাসন ও জল সরবরাহ
অন্যদিকে, ডলু চা বাগান এলাকার উচ্ছেদ হওয়া ১৭৩টি পরিবারের পুনর্বাসন এলাকার রাস্তা, ড্রেন, সেপটিক ট্যাঙ্ক ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে ১.২৬ কোটি টাকা এবং ঘুংঘুর জল সরবরাহ প্রকল্পকে অমরুত ক্যাম্পাসে স্থানান্তরে প্রায় ১.১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

নির্ধারিত সময়ে কাজ শেষের লক্ষ্য
আরটিআইয়ের উত্তরে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ স্পষ্ট জানিয়েছে যে, তালিকাভুক্ত সমস্ত প্রকল্প বর্তমানে চলমান অবস্থায় রয়েছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই সেগুলি সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ধর্মানন্দ দেবের করা এই আরটিআইয়ের মাধ্যমে প্রথমবারের মতো বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের চলতি অর্থবর্ষের প্রকল্পভিত্তিক ব্যয়, অনুমোদন এবং বাস্তবায়ন পরিস্থিতির একটি পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ্যে এল। এটি বরাকবাসীর সামনে বিভাগের কর্মকাণ্ড ও সরকারি ব্যয়ের স্বচ্ছতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *