,

নাগরিকত্বের আবেদনে পাসপোর্টের তথ্য বাধ্যতামূলক, ২০০৯-এর বিধি সংশোধন করল কেন্দ্র

বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের আবেদনকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য পাসপোর্ট সংক্রান্ত নিয়ম কঠোর করল কেন্দ্রীয় সরকার। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে নতুন অনুচ্ছেদ যুক্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, এই তিন দেশের কোনও নাগরিক ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করলে তাঁকে…

বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের আবেদনকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য পাসপোর্ট সংক্রান্ত নিয়ম কঠোর করল কেন্দ্রীয় সরকার। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে নতুন অনুচ্ছেদ যুক্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, এই তিন দেশের কোনও নাগরিক ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করলে তাঁকে নিজ দেশের পাসপোর্টের অবস্থা সম্পর্কে লিখিত ঘোষণাপত্র জমা দিতে হবে। আবেদনকারীর কাছে নিজ দেশের কোনও বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রাখা চলবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোনও আবেদনকারীর কাছে বৈধ পাসপোর্ট থাকে তবে পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদ-সহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে। একইসঙ্গে লিখিতভাবে অঙ্গীকার করতে হবে যে, ভারতের নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তিনি বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টটি ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দিয়ে দেবেন। কেন্দ্র জানিয়েছে, ২০০৯ সালের নাগরিকত্ব বিধির ১সি তফসিলের পরে এই নতুন অনুচ্ছেদ যুক্ত হবে। উল্লেখ্য, ১সি তফসিলটি ভারতের নাগরিকত্ব পেতে চাওয়া বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। প্রসঙ্গত, ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করে কেন্দ্র। ওই আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে এই তিন দেশ থেকে ভারতে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করা হয়। এবার ২০০৯ সালের মূল বিধি সংশোধন করে আবেদন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে চাইছে স্বরাষ্ট্র মন্ত্রক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *