২৭ নাবিককে উদ্ধার করল ওমান, হামলার তীব্র নিন্দা দিল্লির
নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটল। হামলার জেরে ‘হাজি আলি’ নামের জাহাজটি সমুদ্রে তলিয়ে গেছে। তবে জাহাজে থাকা ২৭ জন নাবিক ও কর্মীকে নিরাপদে উদ্ধার করেছে ওমানের উপকূলরক্ষী বাহিনী। সূত্রের খবর, জাহাজটি সোমালিয়া থেকে শারজার দিকে যাচ্ছিল। বুধবার গভীর রাতে আচমকাই ড্রোন হামলা হয়। সঙ্গে সঙ্গে জাহাজটিতে আগুন ধরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেটি সমুদ্রগর্ভে তলিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওমানের উপকূলরক্ষী বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। জাহাজে গবাদি পশু ছাড়াও ২৭ জন কর্মী ছিলেন। হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার হওয়া সবাইকে ডিব্বা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁরা সুরক্ষিত রয়েছেন। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। ঘটনার তদন্ত শুরু করেছে ওমান কর্তৃপক্ষ। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় জাহাজের উপর হামলা কোনও মতেই বরদাস্ত করা হবে না। অকারণে পণ্যবাহী জাহাজ এবং নিরীহ নাবিকদের উপর হামলা চালানো হয়েছে। এই ঘটনা দুর্ভাগ্যজনক।” বিবৃতিতে আরও জানানো হয়, উদ্ধার হওয়া কর্মীদের শীঘ্রই দেশে ফেরানো হবে। উদ্ধারকাজে দ্রুত সহায়তার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানিয়েছে নয়াদিল্লি। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। এই অঞ্চলে ড্রোন হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।












