,

সংস্কৃতি মন্ত্রী বিমল বরার সঙ্গে ব্যতিক্রমের সৌজন্য সাক্ষাৎ

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপনকে সামনে রেখে অসম সরকারের সংস্কৃতি মন্ত্রী বিমল বরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড. সৌমেন ভারতীয়া। সাক্ষাৎকালে ভুপেন হাজরিকার কালজয়ী সৃষ্টি, মানবতাবাদী আদর্শ এবং অসম তথা সমগ্র দেশের সাংস্কৃতিক জগতে তাঁর অসামান্য অবদানকে স্মরণ করে আগামী ৮ সেপ্টেম্বর আয়োজিত জন্মশতবর্ষের বিশেষ অনুষ্ঠান ও…

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপনকে সামনে রেখে অসম সরকারের সংস্কৃতি মন্ত্রী বিমল বরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড. সৌমেন ভারতীয়া। সাক্ষাৎকালে ভুপেন হাজরিকার কালজয়ী সৃষ্টি, মানবতাবাদী আদর্শ এবং অসম তথা সমগ্র দেশের সাংস্কৃতিক জগতে তাঁর অসামান্য অবদানকে স্মরণ করে আগামী ৮ সেপ্টেম্বর আয়োজিত জন্মশতবর্ষের বিশেষ অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ব্যতিক্রম গ্রুপের পক্ষ থেকে মন্ত্রীকে জন্মশতবর্ষ উদ্যাপনের পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়। ভূপেন হাজরিকার সংগীত, সাহিত্য, দর্শন ও সমাজভাবনাকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁর মানবতাবাদী আদর্শকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়ে ও মতবিনিময় হয়।

বৈঠকে বিমল বরা বলেন, “ড.ভূপেন হাজরিকা আমাদের অসমের গর্ব এবং সমগ্র ভারতের সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সংগীত ও সৃষ্টির মধ্যে মানবতা, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার যে বার্তা নিহিত রয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে ব্যতিক্রম গ্রুপ যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্তপ্রশংসনীয়। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ভূপেন হাজরিকার আদর্শ ও সৃষ্টিকে পৌঁছে দেওয়ার এই ধরণের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”

ড.সৌমেন ভারতীয়া বলেন, “ভূপেন হাজরিকা শুধু অসমের নন, তিনি সমগ্র ভারতবর্ষের সাংস্কৃতিক চেতনার এক উজ্জ্বল প্রতীক। তাঁর জন্মশতবর্ষ আমাদের কাছে শুধুমাত্র একটি স্মরণ অনুষ্ঠান নয়, তাঁর গান, চিন্তা ও মানবিক দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ সুযোগ। মন্ত্রী বিমল বরার সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ এবং জন্মশতবর্ষের কর্মসূচি নিয়ে মতবিনিময় আমাদের উদ্যোগকে আরও উৎসাহিত করেছে।”

উল্লেখ্য, ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উপলক্ষে ৮ সেপ্টেম্বর ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর কালজয়ী সৃষ্টি ও আদর্শকে স্মরণ করার পাশাপাশি সাংস্কৃতিক চেতনা ও মানবিক মূল্যবোধকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *