,

চিদম্বরমকে ‘প্রকৃত নকশাল’ আখ্যা, তদন্ত দাবি করলেন হিমন্ত

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশাল’ মন্তব্যের পর রাজনৈতিক তরজা আরও জোরালো হল। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মাওবাদীদের পাশাপাশি ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধেও সতর্ক করেছিলেন। তার উত্তরে কংগ্রেস নেতা পি চিদম্বরম সামাজিক মাধ্যমে নিজেকে ‘গর্বিত দিমাগি নকশাল’ বলে দাবি করেন। আর তাতেই ক্ষেপে উঠলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্তের সাফ কথা, চিদম্বরম…

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশাল’ মন্তব্যের পর রাজনৈতিক তরজা আরও জোরালো হল। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মাওবাদীদের পাশাপাশি ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধেও সতর্ক করেছিলেন। তার উত্তরে কংগ্রেস নেতা পি চিদম্বরম সামাজিক মাধ্যমে নিজেকে ‘গর্বিত দিমাগি নকশাল’ বলে দাবি করেন। আর তাতেই ক্ষেপে উঠলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

হিমন্তের সাফ কথা, চিদম্বরম ‘দিমাগি নকশাল’ নন, তিনি ‘প্রকৃত নকশাল’। রবিবার এক বিবৃতিতে হিমন্ত বলেন, দেশে অরাজকতা ছড়ানোর যারা চেষ্টা করে তাদের দিমাগি নকশাল বলা যায় না।

প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আমলের প্রসঙ্গ টেনে হিমন্ত অভিযোগ করেন, ওই সময় মাওবাদীরা একের পর এক কংগ্রেস নেতার উপর হামলা চালিয়েছে। ছত্তিশগড়ে বোমা বিস্ফোরণে কংগ্রেসের বহু শীর্ষ নেতা প্রাণ হারান। কিন্তু তখন কেন্দ্রে কংগ্রেস সরকার থাকা সত্ত্বেও মাওবাদীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি, নকশাল দমনের কাজও হয়নি।

এই কারণেই হিমন্ত চিদম্বরমের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন। তাঁর প্রশ্ন, কংগ্রেস নেতাদের উপর হামলার আগাম খবর কি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে চিদম্বরমের কাছে ছিল? থাকলে কেন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়নি? চিদম্বরম নিজেই যখন বলেছেন তিনি দিমাগি নকশাল, তখন বিষয়টি খতিয়ে দেখা দরকার।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসে ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন জঙ্গলের সশস্ত্র নকশালরা শেষ হলেও ‘দিমাগি নকশাল’রা এখনও সমাজে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। এদের চিহ্নিত করে একঘরে করতে হবে।

এই ‘দিমাগি নকশাল’ বলতে কাদের বোঝানো হয়েছে তা আগেই ব্যাখ্যা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর মতে, যারা সংবিধান অমান্য করে মাওবাদীদের সমর্থন করে, যারা বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে থেকে ৩৭০ ধারার পক্ষে সওয়াল করে এবং চিকেনস নেক বন্ধ করে উত্তর-পূর্বকে দেশ থেকে আলাদা করতে চায়, তারাই দিমাগি নকশাল।

প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের পালটা হিসেবেই চিদম্বরম নিজেকে ‘দিমাগি নকশাল’ বলেছেন। আর তার জবাবেই হিমন্ত এবার তাকে সরাসরি ‘প্রকৃত নকশাল’ বলে তদন্তের দাবি তুললেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *