বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে মঙ্গলবার অনুষ্ঠিত অসম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক জনমুখী ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্যাটেলাইট সিটির জন্য বড় বরাদ্দ
মন্ত্রিসভা গুয়াহাটি বিমানবন্দরের কাছে প্রস্তাবিত স্যাটেলাইট সিটির জন্য জমি অধিগ্রহণের উদ্দেশ্যে ২,১০০ কোটি টাকা ছাড় করতে অনুমোদন দিয়েছে। জমি অধিগ্রহণের মোট আনুমানিক খরচ ৪,০০০ কোটি টাকা। জমি অধিগ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
শিক্ষা ও যুবকল্যাণে জোর
বৈঠকে মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্প পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ১ বছর ধরে রাজ্যের ৪৮,০০০-এর বেশি উচ্চশিক্ষার্থীকে প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
একইসঙ্গে, যুবক-যুবতীদের দক্ষতা বাড়াতে মুখ্যমন্ত্রীর বিদেশি ভাষা উদ্যোগ ফর গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট প্রকল্পের অধীনে আগ্রহী প্রার্থীদের বিদেশি ভাষা শেখার জন্য ১.৫ লক্ষ টাকা করে বৃত্তি দেওয়া হবে।
বিটিসি ও ওবিসি-র জন্য সিদ্ধান্ত
রাজ্য বাজেটে অনুমোদিত ৯০০ কোটি টাকার মধ্যে প্রথম কিস্তি হিসেবে বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল-বিটিসি-কে ৪৫০ কোটি টাকা ছাড় করার সিদ্ধান্ত হয়েছে।
রাজ্যের ওবিসি তালিকাভুক্ত ৬টি সম্প্রদায়কে নন-ক্রিমি লেয়ার সার্টিফিকেট প্রদানেরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
চা শিল্প ও অন্যান্য সিদ্ধান্ত
রাজ্যের ছোট চা চাষিদের স্বস্তি দিতে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে, যাদের বার্ষিক আয় ১০ লক্ষ টাকার বেশি নয়, সেই সব ছোট চা চাষি কৃষি আয়কর থেকে ছাড় পাবেন।
মোরান ও মতক সম্প্রদায়ের ১৮ বছরের বেশি বয়সী সদস্যরা আগামী ৩১ মার্চের মধ্যে আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।
বিনিয়োগ ও বিদ্যুৎ
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টাটা গ্রুপ-কে জাগিরোডে একটি পাঁচতারা হোটেল স্থাপনের জন্য লিজ চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।
নামরুপে ২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য বিদ্যুৎ ক্রয় চুক্তিতেও মন্ত্রিসভা সবুজ সংকেত দিয়েছে।
সরকারি চাকরিতে নতুন নিয়ম
সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে রাজ্য সরকারি চাকরিতে যোগদানের ৬ মাসের মধ্যে প্রত্যেককে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দিতে হবে।












