বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: শহরের যানজট কমাতে মেহেরপুর মেডিকেল রোডকে দুই লেন থেকে চার লেনে উন্নীত করার কাজে গতি এসেছে। মঙ্গলবার ৫ আগস্ট থেকে মেহেরপুরের বীরবল বাজার এলাকায় অধিগৃহীত জমিতে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ ও ভাঙন অভিযান শুরু হয়েছে।
অভিযানের আগে মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়। প্রশাসন জানিয়েছে, প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে পর্যায়ক্রমে অন্যান্য অংশেও উচ্ছেদ চালানো হবে। পুরো অভিযানের তদারকি করছেন পূর্ব বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগ।
এদিকে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক রাজদীপ রায় এবং কাছাড়ের জেলা আয়ুক্তের নির্দেশে মেহেরপুর মেডিকেল কলেজ সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজও দ্রুত এগোচ্ছে।
প্রশাসনের আশা, চারলেন চালু হলে শিলচর শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। কাজের স্বার্থে সাধারণ মানুষের সহযোগিতাও চেয়েছে প্রশাসন।













