বরাককণ্ঠ প্রতিবেদন। শ্রীভূমি : সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় হওয়া বিক্ষোভের সময় কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানালেন শ্রীভূমির সাংবাদিকরা। সোমবার তাঁরা জেলাশাসক প্রদীপ দ্বিবেদীর মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এ বিষয়ে স্মারকপত্র পেশ করেন।
সাংবাদিকদের প্রতিনিধি দল জানান, গত ২০ জুলাই দিল্লির যন্তরমন্তর, পশ্চিমবঙ্গ, অসম সহ দেশের নানা প্রান্তে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ধর্না-বিক্ষোভ হয়। কিন্তু সেই সময় কিছু দুষ্কৃতী সাংবাদিকদের উপর চড়াও হয়। অভিযোগ, তাঁদের মারধর করা হয়। ক্যামেরা, মুঠোফোন কেড়ে নেওয়া হয়। এমনকি মহিলা সাংবাদিকরাও হামলার হাত থেকে রেহাই পাননি, তাঁরা শ্লীলতাহানির শিকার হয়েছেন।
স্মারকপত্রে বলা হয়েছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই আক্রমণ গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অত্যন্ত বিপজ্জনক।
সাংবাদিকদের মূল দাবিগুলো হল:
১. মহিলা সাংবাদিকদের উপর যারা শ্লীলতাহানি করেছে তাদের চিহ্নিত করে তদন্ত করা
২. দোষীদের বিরুদ্ধে বিচার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা
৩. ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তাই দেশজুড়ে কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা
স্মারকপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন চন্দনকুমার রায়, গৌরিশ নন্দী, রাহুল পাল, অরূপ রায়, বিভাস বর্ধন, করুণা দেব, সঞ্জয় দাস, মৃত্যুঞ্জয় চক্রবর্তী, দীপজ্যোতি দেব পুরকায়স্থ, সাজন দেব, সাজিবুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, এই স্মারকপত্রের অনুলিপি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে সব রাজ্যে সাংবাদিকদের উপর হামলা হয়েছে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে।












