৩রা ও ৪ঠা আগস্ট আদালত চত্বরে শুনানি
জনসংযোগ। শিলচর : খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক (এফপিডি অ্যান্ড সিএ) বিভাগের এক বিভাগীয় তদন্তকে কেন্দ্র করে আগামী ৩ ও ৪ আগস্ট শিলচরে দু’দিনব্যাপী গণশুনানির আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে যাঁদের কাছে তথ্য, নথি বা প্রাসঙ্গিক প্রমাণ রয়েছে, তাঁদের শুনানিতে উপস্থিত হয়ে তদন্তকারী আধিকারিকের সামনে বক্তব্য তুলে ধরার আহ্বান জানিয়েছে বিভাগ। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিলুফা আনসার লস্কর, সাসপেন্ডেড সাব-ইন্সপেক্টর, এফপিডি অ্যান্ড সিএ, শিলচরের বিরুদ্ধে ডেটা এন্ট্রি অপারেটর অননুমোদিতভাবে নিয়োগের অভিযোগের তদন্ত চলছে। সেই তদন্তের অংশ হিসেবেই স্থানীয় মানুষের বক্তব্য ও নথিপত্র গ্রহণের জন্য এই উন্মুক্ত শুনানির ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অসমের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক কমিশনারেট, গুয়াহাটি থেকে আগত তদন্তকারী আধিকারিক ৩রা ও ৪ঠা আগস্ট, ২০২৬, প্রতিদিন সকাল ১১টা থেকে শিলচর আদালত চত্বরে অবস্থিত খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক শাখা কার্যালয়ে শুনানি পরিচালনা করবেন।
এই শুনানিতে স্থানীয় বাসিন্দা, খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের আধিকারিক ও কর্মচারী, পাশাপাশি সংশ্লিষ্ট উপভোক্তাদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। অভিযোগের সঙ্গে সম্পর্কিত কোনও তথ্য, নথি বা প্রমাণ থাকলে তা তদন্তকারী আধিকারিকের কাছে মৌখিক অথবা লিখিত আকারে জমা দেওয়া যাবে। প্রয়োজনে সংশ্লিষ্ট নথিপত্রও উপস্থাপন করা যাবে। বিভাগের তরফে জানানো হয়েছে, তদন্তের সঙ্গে সম্পর্কিত সব দিক নিরপেক্ষভাবে পর্যালোচনা করার স্বার্থেই এই গণশুনানির আয়োজন করা হয়েছে। তাই সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে উপলব্ধ তথ্য, নথি ও সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়। খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের সুপারিন্টেনডেন্ট সকল সংশ্লিষ্ট ব্যক্তি, দফতরের আধিকারিক-কর্মচারী এবং উপভোক্তাদের নির্ধারিত দিন ও সময়ে উপস্থিত থেকে তদন্তকারী আধিকারিকের সামনে তাঁদের বক্তব্য ও অভিযোগ পেশ করার অনুরোধ জানিয়েছেন।












