বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: নাগরিকত্বের প্রমাণ নিয়ে ধোঁয়াশা পুরোপুরি কাটল না। বৃহস্পতিবার সংসদে কেন্দ্র স্পষ্ট করল যে ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য কেবল ভারতীয় নাগরিকরাই। তবে পাসপোর্টই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ কি না, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দিল না সরকার।
গত জুন মাসে পাসপোর্ট দিবসে বিদেশমন্ত্রক বলেছিল, “পাসপোর্ট হল বিদেশ ভ্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণ নয়।” এরপর থেকেই প্রশ্ন ওঠে তাহলে নাগরিকত্ব প্রমাণের আসল নথি কোনটি।
এই বিষয়েই রাজ্যসভার সাংসদ আবদুল ওয়াহাব লিখিত প্রশ্ন করেন। তিনি জানতে চান – ভারতীয় পাসপোর্ট কি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ, পাসপোর্ট দেওয়ার যোগ্যতার মাপকাঠি কী, বিদেশি নাগরিকত্ব নিলে ভারতীয় নাগরিকত্বের কী হবে, বিদেশি নাগরিকরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর কীভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং সরকার কি নাগরিকত্ব ও পাসপোর্ট সংক্রান্ত নিয়ম পর্যালোচনার কথা ভাবছে।
উত্তরে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, পাসপোর্ট আইন ১৯৬৭ অনুযায়ী যথাযথ যাচাই-বাছাইয়ের পরই ভারত সরকার ভারতীয় পাসপোর্ট ইস্যু করে। তিনি বলেন, ভারতীয় নাগরিকদের বিদেশযাত্রা নিয়ন্ত্রণের জন্যই এই আইন অনুযায়ী পাসপোর্ট দেওয়া হয়। কিন্তু পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ কি না, এই প্রশ্নে সরকার হ্যাঁ বা না কোনোটাই বলেনি। ফলে নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিভ্রান্তি থেকেই গেল।












