“মানবতার ডাকে একসাথে শিলচরের শিল্পীরা, বন্যা কবলিত শিবসাগরের জন্য সঙ্গীতানুষ্ঠান”
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: শিবসাগরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সঙ্গীতকে সম্বল করলেন শিলচরের সঙ্গীত শিল্পীরা। শিলচরের সকল সঙ্গীত শিল্পী ও বিভিন্ন সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে আগামী শনিবার বিকাল ৪টায় শিলচর শহরের গোলদিঘি মলের সামনে অনুষ্ঠিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান “গান গাইব মানবতার জয়গান”। “সঙ্গীতের সুরে, মানবতার ডাকে একসাথে আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে শিলচরের প্রতিটি প্রান্তের সঙ্গীত শিল্পী এক মঞ্চে গান পরিবেশন করবেন। অনুষ্ঠান থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ শিবসাগরের বন্যা কবলিত মানুষের হাতে তুলে দেওয়া হবে। আয়োজকদের আহ্বান, আপনার সামান্য সহযোগিতাই বন্যায় সর্বস্ব হারানো মানুষের জীবনে ফিরিয়ে আনতে পারে আলো ও আশার হাসি। “গানের সুরে জাগুক সহমর্মিতা, মানবতার গানেই হোক জয়” এই বার্তা নিয়ে সকল স্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠানে ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। আয়োজকরা বলছেন, তাঁর সুর আজও আমাদের প্রেরণা এবং আমাদের পথ চলার শক্তি। অনুষ্ঠানের আয়োজনে রয়েছেন শিলচরের সঙ্গীত শিল্পীরা এবং বিভিন্ন সামাজিক সংস্থা।










