উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যোগ দেবেন সাংসদ ড.নিশীকান্ত দুবে, প্রথম দিনেই সব আসন বুকিং শেষ
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। আগামী ৪ আগস্ট থেকে শুরু হচ্ছে গুয়াহাটী থেকে দেওঘর পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা। এই নতুন বিমানকে সবুজ সংকেত দেখিয়ে যাত্রার সূচনা করবেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা।
ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৪ আগস্ট সকালে গুয়াহাটী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রথম বিমানের ফ্ল্যাগ অফ করবেন। এই অনুষ্ঠানে ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ ড.নিশীকান্ত দুবে দিল্লী থেকে অনলাইনের মাধ্যমে অংশ নেবেন।
প্রথম দিনেই হাউসফুল
ইন্ডিগোর ১৮৩ আসন বিশিষ্ট বিমানের টিকিট বুকিং রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়। রাত ৮টার মধ্যেই দুই দিকের সব আসন বুক হয়ে যায়। যাত্রীদের মধ্যে এই নতুন রুট নিয়ে উৎসাহ তুঙ্গে।
সময়সূচি ও ভাড়া
বিমান সংস্থার সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা ২৫ মিনিটে গুয়াহাটী থেকে বিমান ছেড়ে সকাল ১১টা ২০ মিনিটে দেওঘর বিমানবন্দরে পৌঁছাবে। আবার সকাল ১১টা ৫০ মিনিটে দেওঘর থেকে ছেড়ে দুপুর ১টা ৩৫ মিনিটে গুয়াহাটীতে অবতরণ করবে।
দেওঘর থেকে গুয়াহাটীর একমুখী ভাড়া ধার্য করা হয়েছে ৪ হাজার ৫০৬ টাকা।
কারা উপকৃত হবেন
দেওঘরে অবস্থিত সৎসঙ্গ আশ্রমের প্রচুর অনুগামী অসমে বসবাস করেন। সাংসদ ডক্টর নিশীকান্ত দুবের বিশেষ উদ্যোগ ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অনুমোদনের ফলেই এই পরিষেবা চালু হচ্ছে। নতুন বিমান পরিষেবা চালু হওয়ায় বিশেষ করে সৎসঙ্গ আশ্রমের ভক্ত ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
গুয়াহাটী-দেওঘর সরাসরি যোগাযোগ চালু হওয়ায় দুই রাজ্যের মধ্যে পর্যটন, ব্যবসা ও সাংস্কৃতিক আদান-প্রদান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।












