বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গুয়াহাটিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী ১৩ জুলাই সোমবার গুয়াহাটির আর্যবিদ্যাপীঠ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গুয়াহাটী মহানগর ছাত্র পরিষদের আর্যবিদ্যাপীঠ মহাবিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান মহাবিদ্যালয়ের গুরু নানক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। সকাল ১টায় পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে।
ছাত্র পরিষদ গুয়াহাটী মহানগরের পক্ষ থেকে জারি করা এক নিমন্ত্রণ পত্রে জানানো হয়েছে, জন্মলগ্ন থেকেই ছাত্র পরিষদ ছাত্র-ছাত্রীদের সঙ্গে জড়িত প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। সেই ধারাকে অক্ষুণ্ণ রাখতেই প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের কার্যালয় গুয়াহাটির উলুবাড়ি এলাকার বড়ঠাকুর মিল রোডের আশ্রয় অ্যাপার্টমেন্টে অবস্থিত।
সংগঠনের তরফে অনুষ্ঠানটিকে সফল করতে সকল শুভানুধ্যায়ী, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সহযোগিতা ও সুপরামর্শ কামনা করা হয়েছে।












