বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: শুক্রবার অসম বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করে সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ সুখবর দিলেন বিত্তমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া।
বাজেটের সবচেয়ে অভিনব ঘোষণা হল সরকারি কর্মচারীদের জন্য ২ সপ্তাহের পিতৃত্বকালীন ছুটি। সন্তানের যত্নে পিতারাও যাতে সমান ভূমিকা রাখতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত। সন্তানের জন্মের পর প্রত্যেক সরকারি কর্মচারী এই ছুটি ভোগ করতে পারবেন।
ঋণ প্রকল্পের মেয়াদ ৫ বছর বাড়ল
কর্মচারীদের জনপ্রিয় দুটি ঋণ প্রকল্পের মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
আপন ঘর – গৃহ ঋণ:
বিত্তমন্ত্রী জানান, এই প্রকল্পে এখনও পর্যন্ত ৫২ হাজার ৩৪ জন কর্মচারী ৮ হাজার ৩০০ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন। তাদের ঋণের সুদের খাতে সরকার ৭০৭ কোটি টাকা রেহাই দিয়েছে। প্রকল্পে অভূতপূর্ব সাড়া দেখে শহরাঞ্চলে ঋণের সর্বোচ্চ সীমা ৫০ লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আপন বাহন – গাড়ি ঋণ:
এই প্রকল্পে উপকৃত হয়েছেন ৮ হাজার ৬৩৬ জন কর্মচারী।
বিদ্যুৎচালিত গাড়িতে বিশেষ সুবিধা
বিদ্যুৎচালিত গাড়ি কিনতে উৎসাহ দিতে সরকারি কর্মচারীদের ঋণের সুদে ৪ শতাংশ ভর্তুকি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সাধারণ নাগরিকদের জন্য থাকা অন্যান্য ছাড়ের সুবিধাও কর্মচারীরা পাবেন।
অন্যান্য ঘোষণা
১. অষ্টম বেতন কমিশন: সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনার জন্য অষ্টম বেতন কমিশন গঠনের কথা বলা হয়েছে।
২. পেনশন সুবিধা: ২০১৭ সালের ১ এপ্রিলের পর চাকরিতে যোগদান করে এক বছরের মধ্যে চাকরিরত অবস্থায় মৃত্যু হওয়া কর্মচারীদের পরিবারকে পেনশনের ৫০ শতাংশ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বিত্তমন্ত্রী বলেন, কর্মচারীদের কল্যাণকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে।












