বিদ্যুৎ, বিদ্যালয় বন্ধ ও হয়রানি নিয়ে আলোচনা না হওয়ায় সদন ছাড়ল কংগ্রেস, রাইজর দল, যুক্ত গণতান্ত্রিক মোর্চা
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: ষোড়শ অসম বিধানসভার ২১ দিনের বাজেট অধিবেশন আজ সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে। আগামী ১০জুলাই অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া ড.হিমন্তবিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ আয়-ব্যয়ের হিসাব পেশ করবেন। অধিবেশন চলবে ৩১ জুলাই পর্যন্ত। মোট ১৬টি বৈঠক হবে।
কিন্তু অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের তিনটি বিরোধী দল সদন ত্যাগ করেছে। কংগ্রেস, রাইজর দল ও যুক্ত গণতান্ত্রিক মোর্চা রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা দাবি করে সভা স্থগিতের প্রস্তাব আনতে চেয়েছিল।
বিরোধীদের অভিযোগ, প্রচণ্ড গরমের মধ্যে রাজ্যজুড়ে অনিয়মিত বিদ্যুৎ কাট নিয়ে আলোচনা করতে চেয়েছিল কংগ্রেস। রাজ্যে একের পর এক সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার বিষয়টি তুলতে চেয়েছিল রাইজর দল। অন্যদিকে যুক্ত গণতান্ত্রিক মোর্চা বিদেশী শনাক্তকরণের নামে স্বদেশী মানুষকে হয়রানির প্রতিবাদে সরব হয়।
কিন্তু সভাপতি জানিয়ে দেন, বিষয়গুলি পরে আলোচনা হবে। সভা স্থগিতের অনুমতি না পেয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধী বিধায়করা সদন থেকে বেরিয়ে এসে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন এবং বাইরে বিক্ষোভ দেখান।

জীবন রক্ষাকারী জ্যাকেট পরে বিধানসভায় অখিল গগৈ
এদিকে রাইজর দলের বিধায়ক অখিল গগৈ গুয়াহাটি ও শিবসাগরের কৃত্রিম বন্যা সমস্যার দিকে সরকারের নজর কাড়তে আজ বিধানসভায় জীবন রক্ষাকারী জ্যাকেট পরে হাজির হন। তিনি সাংবাদিকদের বলেন, গুয়াহাটী শহরের কৃত্রিম বন্যার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার সম্পূর্ণ ব্যর্থ।












