বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : গত ২৮ জুন রবিবার কাছাড় ক্লাবে শিলচরের বিশিষ্টজনদের সঙ্গে দুই মন্ত্রী, সাংসদ ও বিধায়করা এক মত বিনিময় সভায় বসেন। কিন্তু সেই সভায় সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি বলে সংগঠনের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার দে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “আমাদের সংগঠন বেশ পুরাতন। জনযন্ত্রণা নিরসনে সরকারের কাছে আমরা সময়ে সময়ে গঠনমূলক পরামর্শ, স্মারকলিপি, আবেদনপত্র ও মতামত দিয়েছি। আমরা কোনও রাজনৈতিক দলের সদস্য নই, শাখাও নই। সম্ভবত সেই কারণেই রাজনৈতিক সভা-সমাবেশে উদ্যোক্তারা আমাদের আমন্ত্রণ জানিয়ে বিব্রত করেননি।”
তবে ২৯ জুনের দৈনিক পত্রিকাগুলিতে প্রকাশিত খবর অনুযায়ী, নেতা-মন্ত্রীরা শীঘ্রই শিলচরের রাস্তাঘাট মেরামত, বেদখল উঠিয়ে খাল-নালা প্রশস্ত ও গভীর করা এবং উড়ালপুল তৈরির কাজ শুরু ও শেষ করার আশ্বাস দিয়েছেন।
এই প্রসঙ্গে প্রবীণ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা প্রবীণ ও অতি-প্রবীণরা এই খবর জেনে উক্ত নেতা-মন্ত্রীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। জীবদ্দশায় এই কাজগুলো হলে দেখে যেতে পারব।”












