শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে মাস্টার প্ল্যান – মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে একগুচ্ছ দাবি
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্দেশ্যে ইমেইলে একগুচ্ছ প্রস্তাব পাঠাল ‘সায়ন্তন’ সংগঠন। ইমেইলের কপি মুখ্যমন্ত্রীর দপ্তরে, নগর উন্নয়ন মন্ত্রীর দপ্তরে, অর্থমন্ত্রীর দপ্তরে, শিক্ষা মন্ত্রীর দপ্তরে এবং শিল্প মন্ত্রী ও পর্যটন মন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
কিছুদিন আগে শিলচরে উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালার হাতেও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র তুলে দেন সংস্থার পক্ষে সৌমিত্র শংকর চৌধুরী।
বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রীর উদ্দেশ্যে ইমেইলে পাঠানো দাবিপত্রে তারা উল্লেখ করেছেন, শিলচর সহ সমগ্র বরাকের বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আরো নিয়মিত ও আরো ব্যাপক হারে ‘অন ক্যাম্পাস প্লেসমেন্ট’ সুবিধা গড়ে তোলা হোক। এর জন্য মুখ্যমন্ত্রীর উপদেশ ও সরকারের উদ্যোগ কামনা করেছেন।
তারা মনে করেন শিক্ষার পর দরকার হয় প্লেসমেন্ট, কর্মসংস্থান। তাই যুব প্রজন্মের ব্যাপক কর্মসংস্থানের জন্য প্রয়োজন ব্যাপক সরকারি চাকুরি, এন্টারপ্রেনার তৈরি, ব্যাপক শিল্পায়ন এবং ব্যাপক ও নিয়মিত ‘ক্যাম্পাস প্লেসমেন্ট’ সুবিধা গড়া। আসামেই গড়ে উঠেছে অনেক শিল্প সংস্থা এবং আগামীতে আসবে অনেক শিল্প প্রতিষ্ঠান। তাদের সাথে এখন থেকেই যোগাযোগ এবং আমন্ত্রণ জানিয়ে নিয়মিতভাবে শিলচর সহ বরাকে যদি ‘অন ক্যাম্পাস প্লেসমেন্টের’ ব্যবস্থা গড়ে তোলা যায় তাহলে নতুন প্রজন্ম উপকৃত হবে।

এছাড়াও তারা তাদের দাবি পত্রে বলেছেন, বরাকে গড়ে উঠুক ব্যাপক শিল্পায়ন, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প ও ক্ষুদ্র শিল্প। বরাকে শিল্পায়নের জন্য ইন্ডাস্ট্রিয়াল সামিট আয়োজনেরও অনুরোধ করেছেন।
এছাড়াও অনুরোধ করেছেন বরাকের পর্যটন কেন্দ্রগুলোকে যেন জাতীয় মানের পর্যটন ক্ষেত্রে উন্নীত করার ব্যবস্থা হাতে নেওয়া হয়। এতে করে স্থানীয় অর্থনীতি এবং কর্মসংস্থান বাড়বে।
বৃহত্তর শিলচরকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে শিলচরের বেশ কয়েকজন আরবান প্ল্যানার, আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার ২০২২ এ একটি কনসেপচুয়াল মাস্টার প্ল্যান তৈরি করেছিলেন। ‘থাউজেন্ড সায়ন্তন’-এর উদ্যোগে মাস্টার প্ল্যানটি সরকারের উদ্দেশ্যে প্রেরণও করা হয়েছিল, শিলচরে প্রেস মিট করে দেখানোও হয়েছিল। সেই কনসেপচুয়াল মাস্টার প্ল্যানের একটি কপি এবং শিলচর টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিং অফিস থেকে সরকারের কাছে জমা দেওয়া সংশ্লিষ্ট ফরওয়ার্ডিং লেটারের কপি ইমেইলে বরাক উপত্যকা উন্নয়নমন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে পাঠানো হয়।

উল্লেখ্য, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে শিলচর মেডিকেল কলেজে কার্ডিও বাইপাস সার্জারির সুবিধা চালুর দাবিও প্রস্তাবে রাখা হয়েছে।












