বিশেষ প্রতিবেদন। কলকাতা: ১২তম আন্তর্জাতিক যোগ দিবস-এর মূল অনুষ্ঠানে আজ কলকাতার লাল সড়ক-এ যোগাভ্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে কয়েকটি আসন করতে দেখা যায়। যোগাভ্যাসে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও । আসন করার পর প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে অংশগ্রহণকারীদের অনুশীলন দেখেন এবং কয়েকজনের ভঙ্গি শুধরে দেন। এদিন তিনি বিশ্বের উন্নতিতে যোগের প্রয়োজনীয়তার কথা বলেন। ২০১৪ সালের ১১ ডিসেম্বর যোগ দিবসকে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ। তারপর থেকে প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়। প্রধানমন্ত্রী বলেন, যোগ গোটা বিশ্বকে এক করেছে। আজ যোগ বিশ্বজুড়ে সমাদৃত। ১৯২টি দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে এই দিন। বয়সকালে সুস্থ থাকতে যোগ সাহায্য করে। যোগ জীবনে চেতনা জাগায়। যোগ শুধু শরীরের পরিশ্রম নয়, সকলকে একসূত্রে বাঁধে। ২১ জুন-কে বিশ্বের সবচেয়ে বড় উৎসবের দিন বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, যোগ কেবল অল্পবয়সিদের জন্য নয়, সব বয়সের মানুষের জন্য। যোগ শুধু জীবনযাত্রার জন্য দরকারি নয়, বিশ্বের সুন্দর ভবিষ্যতের জন্যও অত্যন্ত প্রয়োজন। তাই একদিন নয়, সারা বছর যোগ করার আহ্বান জানান তিনি। যোগকে জীবনের, পরিবারের ও আগামী প্রজন্মের অংশ করতে সকলকে সংকল্প নিতে বলেন। নিজের বক্তব্যে তিনি বারবার যোগের উপকারিতার কথা বলেন। তাঁর মতে, নিয়মিত যোগ করলে বার্ধক্যেও সুস্থ থাকা যায়। বয়স কর্মক্ষমতা কমায়, কিন্তু যোগ তা বাড়াতে সাহায্য করে। তিনি বলেন, ৩০ বছর বয়সে যতটা প্রাণবন্ত ছিলাম তার চেয়ে বেশি প্রাণবন্ত ৫০ বছর বয়সে থাকতে হবে, এটাই লক্ষ্য। যোগের জন্য শক্তি সবসময় বেশি থাকে। যোগ শান্ত ও চিন্তামুক্ত জীবনযাপনেও সাহায্য করে।













