বরাককণ্ঠ প্রতিবেদন: যুবকদের সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সংগঠন ‘ইয়াসি’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ২১ জুন ২০২৬, রবিবার দুপুর ১২টায় কাছাড় জেলার দুয়ারবন্দের ‘গ্রিন উড রিসোর্ট’-এ “এক বৌদ্ধিক সভা” অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকায় একটি উপযুক্ত স্থানে গুয়াহাটি উচ্চ আদালতের বেঞ্চ স্থাপনের দাবিতে গঠিত “উচ্চ আদালতের বেঞ্চ দাবি রূপায়ণ কমিটি”-র উদ্যোগকে ইয়াসি পূর্ণ সমর্থন জানিয়েছে। উক্ত বৌদ্ধিক সভাটি দাবি রূপায়ণ কমিটির চলমান সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হচ্ছে। সভায় শিলচর থেকে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিত্ব উদয় শঙ্কর গোস্বামী, প্রসেনজিৎ দেব, ড.বিভাস দেব, নিখিল পাল, দেবমিতা চক্রবর্তী, পঙ্কজ কান্তি দে, জ্যোতির্ময় নাথ ও ধর্মানন্দ দেব। ইয়াসির কর্মসূচির আহ্বায়ক বাবুল রায়, কর্মসূচি-দায়িত্বপ্রাপ্ত শেখর ধর এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় বৃহত্তর দুয়ারবন্দ এলাকার নাগরিকবৃন্দ, মহাবিদ্যালয়ের শিক্ষার্থী, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা ও সক্রিয় সংগঠনের প্রতিনিধিদের সভায় উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, এই কর্মসূচির সাফল্য ও সর্বস্তরের অংশগ্রহণ বরাক উপত্যকায় উচ্চ আদালতের বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে আরও শক্তিশালী ও উৎসাহিত করবে।












