,

২০ জুন থেকে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস, সরকারি কাজে বাংলা বাধ্যতামূলক করার দাবি

২০ জুন থেকে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস, সরকারি কাজে বাংলা বাধ্যতামূলক করার দাবি নিজস্ব প্রতিনিধি। কলকাতা: ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বঙ্গের আইনসভায় পৃথক পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে আগামী ২০ জুন থেকে রাজ্য সরকার প্রতি বছর ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে। দিবস পালনের পাশাপাশি সরকারি কাজকর্মে বাংলা ভাষাকে বাধ্যতামূলক…

২০ জুন থেকে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস, সরকারি কাজে বাংলা বাধ্যতামূলক করার দাবি

নিজস্ব প্রতিনিধি। কলকাতা: ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বঙ্গের আইনসভায় পৃথক পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে আগামী ২০ জুন থেকে রাজ্য সরকার প্রতি বছর ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে। দিবস পালনের পাশাপাশি সরকারি কাজকর্মে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করার দাবিও জোরালো হয়েছে।

১৯৬৫ সালের ২৬ জানুয়ারি তৎকালীন রাজ্য সরকার বাংলাকে সরকারি ভাষার স্বীকৃতি দেয়। পাহাড়ের কালিম্পং, দার্জিলিং ও কার্শিয়াং মহকুমায় বাংলার পাশাপাশি নেপালি ভাষাকেও সরকারি স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু বহু বছর কেটে গেলেও সরকারি দপ্তরে বাংলা ভাষার ব্যবহার সীমিতই রয়ে গেছে।

২০০০ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যসচিব মণীশ গুপ্ত পরবর্তী পয়লা বৈশাখ থেকে সরকারি কাজে বাংলা ব্যবহারের নির্দেশিকা জারি করেন। নির্দেশিকায় সরকারি দপ্তরের সব নোটিশ, বিজ্ঞপ্তি, সাইনবোর্ড, নামের ফলক, সরকারি বাস ও হাসপাতালের টিকিট বাংলায় করার কথা বলা হয়। বাংলায় চিঠি পেলে উত্তরে বাংলায় জবাব এবং ফাইলে মন্তব্য বাংলায় লেখার নির্দেশও ছিল।

রাজ্য সরকারি কর্মচারী আন্দোলনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানান, মুখ্যসচিবের সেই নির্দেশিকা বাংলায় প্রকাশিত হয়ে সব দপ্তরের সচিবের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু ২৫ বছর পরেও তা কার্যকর হয়নি। এই প্রেক্ষিতে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে অবিলম্বে নির্দেশিকা কার্যকরের দাবি জানাচ্ছেন।

পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্তের সঙ্গে এবার সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *