,

বিশ্বসেরার তালিকায় গুয়াহাটি, গর্বিত অসম

মুখ্যমন্ত্রী: এই স্বীকৃতি নতুন অসমের গর্ব, উত্তর-পূর্বের নতুন পরিচয় বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : প্যারিসের ইউনেস্কো সদর দফতর থেকে দেওয়া ‘প্রিক্স ভার্সেইলস বিশ্বের সেরা বিমানবন্দর’ সম্মাননা গড়ন ও আধুনিক সাজের জগতে অন্যতম নামী আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে মানা হয়। ২০১৫ সাল থেকে শুরু হওয়া এই সম্মাননা এমন সব প্রকল্পকে দেওয়া হয়, যেখানে নতুন ভাবনা, চোখজুড়ানো রূপ, নিজস্ব…

মুখ্যমন্ত্রী: এই স্বীকৃতি নতুন অসমের গর্ব, উত্তর-পূর্বের নতুন পরিচয়

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : প্যারিসের ইউনেস্কো সদর দফতর থেকে দেওয়া ‘প্রিক্স ভার্সেইলস বিশ্বের সেরা বিমানবন্দর’ সম্মাননা গড়ন ও আধুনিক সাজের জগতে অন্যতম নামী আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে মানা হয়। ২০১৫ সাল থেকে শুরু হওয়া এই সম্মাননা এমন সব প্রকল্পকে দেওয়া হয়, যেখানে নতুন ভাবনা, চোখজুড়ানো রূপ, নিজস্ব সংস্কৃতির ছোঁয়া আর টেকসই উন্নতির অপূর্ব মেলবন্ধন থাকে। চলতি ২০২৬ সালের তালিকায় গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন তৈরি দ্বিতীয় প্রান্তিক জায়গা করে নিয়েছে। তার সঙ্গে এই তালিকায় আছে চিনের গুয়াংঝৌ আন্তর্জাতিক বিমানবন্দর, জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর, কম্বোডিয়ার কান্দাল স্টুয়েং বিমানবন্দর এবং যুক্তরাষ্ট্রের পিটসবার্গ ও সান ডিয়েগো আন্তর্জাতিক বিমানবন্দর। বিশ্বের নবনির্মিত বিমানবন্দর ও প্রান্তিকগুলোর মধ্যে সুন্দর গড়ন, আধুনিক নকশা, পরিবেশবান্ধব পরিকল্পনা এবং যাত্রীসেবার মানের ভিত্তিতেই এই স্বীকৃতি মেলে। এই স্বীকৃতিতে দারুণ খুশি বিমানবন্দর চালানো সংস্থাটি জানিয়েছে, গুয়াহাটি বিমানবন্দরের এই সাফল্য শুধু ইমারতের দিক থেকে অর্জন নয়, বরং ভারতের আকাশপথ পরিবহণে ক্রমে বাড়তে থাকা উন্নতির জ্বলন্ত চিহ্ন। বিশ্বমানের সেবা, আধুনিক কাঠামো আর পরিবেশবান্ধব উন্নতির মাধ্যমে আন্তর্জাতিক মান ছোঁয়ার লক্ষ্যেই নিরলস কাজ করে যাচ্ছে তারা। বছরের শেষ দিকে বেছে নেওয়া বিমানবন্দরগুলোর মধ্যে থেকে সেরা তিনটিকে বিশেষ আন্তর্জাতিক সম্মানে ভূষিত করা হবে। সেই লড়াইয়ে জায়গা পাওয়ায় গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর এখন বিশ্বমঞ্চে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর কথায়, অসমের মাটির গন্ধ, নিজস্ব শিল্প আর প্রকৃতির রূপ দিয়েই গড়ে তোলা হয়েছে এই নতুন প্রান্তিক। তাই এটি শুধু ইট-পাথরের তৈরি ঘর নয়, অসমের মনের কথা বলে। উত্তর-পূর্ব ভারতের দরজা হিসেবে এর নতুন পরিচয় তৈরি হয়েছে। বিশ্বের সেরা বিমানবন্দরের সারিতে নাম লেখানোয় গর্বে বুক ভরেছে গোটা রাজ্যের মানুষের। মুখ্যমন্ত্রী মনে করেন, এই পাওয়া প্রমাণ করে অসম এখন উন্নতির সঙ্গে রূপ আর সংস্কৃতির দিক দিয়েও বিশ্বকে চমকে দিতে পারে। তিনি এই সাফল্যের ভাগীদার করেছেন রাজ্যের প্রতিটি মানুষকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *