,

শিলচরের রাস্তা ৩০ জুনের মধ্যে সারানোর আশ্বাস জেলা কমিশনারের

প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের দাবির মুখে NHIDCL, PHE-র কাজ শেষের ডেডলাইন; না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বরাককণ্ঠ প্রতিবেদন: শিলচর শহরের বেহাল রাস্তাঘাট, জমাজল ও অপরিকল্পিত নিকাশি ব্যবস্থার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার কাছাড়ের জেলা আয়ুক্ত আয়ুষ গর্গের দ্বারস্থ হল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের প্রতিনিধি দল। বৈঠক শেষে জেলা আয়ুক্ত প্রতিনিধিদের আশ্বাস দেন, আগামী ৩০ জুন ২০২৬-এর…

প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের দাবির মুখে NHIDCL, PHE-র কাজ শেষের ডেডলাইন; না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

বরাককণ্ঠ প্রতিবেদন: শিলচর শহরের বেহাল রাস্তাঘাট, জমাজল ও অপরিকল্পিত নিকাশি ব্যবস্থার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার কাছাড়ের জেলা আয়ুক্ত আয়ুষ গর্গের দ্বারস্থ হল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের প্রতিনিধি দল।

বৈঠক শেষে জেলা আয়ুক্ত প্রতিনিধিদের আশ্বাস দেন, আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে NHIDCL ও PHE-সহ সংশ্লিষ্ট বিভাগগুলি চলমান ভূগর্ভস্থ ও সড়ক সংস্কারের কাজ শেষ করবে। কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে বলেও তিনি জানান।

৫ জুনের স্মারকলিপির ফলো-আপ
মঞ্চের প্রতিনিধিরা জানান, গত ৫ জুন শিলচরের বিপর্যস্ত সড়ক যোগাযোগের স্থায়ী সমাধানের দাবিতে জেলা আয়ুক্তকে স্মারকপত্র দেওয়া হয়েছিল। তাতে ১০ দিনের মধ্যে সরকারের বিভিন্ন বিভাগ, নাগরিক সমাজ ও সক্রিয় সংগঠনের যৌথ বৈঠকের দাবিও ছিল। সেই বৈঠক এখনো না হওয়ায় আজ ফলো-আপ বৈঠক ও নতুন স্মারকলিপি জমা দেওয়া হয়।

জেলা আয়ুক্ত শহরের রাস্তার দুর্দশা স্বীকার করে নেন এবং নির্ধারিত সময়সীমা পর্যন্ত সচেতন নাগরিক ও আন্দোলনকারী সংগঠনগুলিকে ধৈর্য ধারণ ও প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান।

৩০ জুন আল্টিমেটাম
প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের নেতৃবৃন্দ ধ্রুব কুমার সাহা, সঞ্জীব রায়, সীমান্ত ভট্টাচার্য, প্রণব দত্ত, রামেন্দ্র ভট্টাচার্য, অভিজিৎ দাম ও আশু পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনস্বার্থে তাঁরা ৩০ জুন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

“নির্ধারিত সময়ের মধ্যে রাস্তাঘাট সাধারণ মানুষের চলাচলের উপযোগী না হলে, শিলচরবাসীকে সঙ্গে নিয়ে আগামী দিনে এক শক্তিশালী বৃহত্তর নাগরিক আন্দোলন গড়ে তোলা হবে। প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ আর বসে থাকতে পারবে না” — নেতারা হুঁশিয়ারি দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *