,

আনারস প্রক্রিয়াকরণ পরিকাঠামো শক্তিশালী করতে উদ্যোগী কাছাড় জেলা প্রশাসন

চাষিদের আয় বৃদ্ধির লক্ষ্যে মূল্য সংযোজন, কোল্ড-চেইন সহায়তা এবং বাজার সম্প্রসারণের উপর জোর বরাককণ্ঠ প্রতিবেদন। জুন: আনারস চাষিদের জন্য উন্নত বাজার সুবিধা নিশ্চিত করা এবং ফসল কাটার পরবর্তী ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন জেলায় আনারস প্রক্রিয়াকরণ পরিকাঠামো ও কোল্ড-চেইন সুবিধা শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ নিয়ে গত বৃহস্পতিবার ,জেলা আয়ুক্তের কার্যালয়ের…

চাষিদের আয় বৃদ্ধির লক্ষ্যে মূল্য সংযোজন, কোল্ড-চেইন সহায়তা এবং বাজার সম্প্রসারণের উপর জোর

বরাককণ্ঠ প্রতিবেদন। জুন: আনারস চাষিদের জন্য উন্নত বাজার সুবিধা নিশ্চিত করা এবং ফসল কাটার পরবর্তী ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন জেলায় আনারস প্রক্রিয়াকরণ পরিকাঠামো ও কোল্ড-চেইন সুবিধা শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে।

এই উদ্যোগ নিয়ে গত বৃহস্পতিবার ,জেলা আয়ুক্তের কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে মার সম্প্রদায়ের আনারস চাষিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে পৌরোহিত্য করেন কাছাড়ের জেলাশাসক  আয়ুষ গর্গ। বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা উন্নয়ন আয়ুক্ত রাজিব রায়, অঃঅঃসে এবং কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা লক্ষীপুরের সম-জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক পাশাপাশি উপস্থিত ছিলেন আনারস চাষি এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনরা।

বৈঠকে আনারস প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা এবং যন্ত্রপাতি সংগ্রহের উদ্দেশ্যে নীতি (NITI) আয়োগের তহবিল পর্যায়ক্রমে ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রস্তাবিত এই উদ্যোগগুলির মাধ্যমে ফসল কাটার পরবর্তী ক্ষয়ক্ষতি হ্রাস, পণ্যের গুণগত মানোন্নয়ন এবং মূল্য সংযোজনের আরও বিস্তৃত সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল দূরবর্তী বাজারে তাজা আনারস পরিবহণের জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত ভ্যান (রেফ্রিজারেটেড ভ্যান) সংগ্রহের প্রয়োজনীয়তা। চাষিরা দীর্ঘ দূরত্বে দ্রুত নষ্ট হওয়া কৃষিপণ্য পরিবহণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ প্রেক্ষিতে, উন্নত বাজার সংযোগ নিশ্চিত করা এবং চাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির লক্ষ্যে দ্রুত একটি রেফ্রিজারেটেড ভ্যান সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

এছাড়াও, জেলায় আনারস প্রক্রিয়াকরণ কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পরিকাঠামো ও যন্ত্রপাতির চাহিদা নিয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পরিকাঠামো সংগ্রহ করা হবে, যাতে সমগ্র আনারস মূল্য শৃঙ্খল আরও শক্তিশালী হয় এবং স্থানীয় কৃষকদের জন্য দীর্ঘস্থায়ী জীবিকার সুযোগ সৃষ্টি হয়।

অসম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *