নয়াদিল্লি। ১৩জুন: দেশের যুব সমাজের কাছে পৌঁছাতে শনিবার ১৪ জুন ২০২৬ কংগ্রেস প্রশ্নপত্র ফাঁস, নিট পরীক্ষার বিকেন্দ্রীকরণ, পরীক্ষার ফি বাতিল এবং বারবার পরীক্ষা সংক্রান্ত অনিয়মের জন্য জবাবদিহি নির্ধারণের দাবিতে ছাত্র সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এই অভিযান শুরু হবে ১৭ জুন রাজস্থানের কোটায় ছাত্র সম্মেলনের মাধ্যমে। এরপর ১০জুলাই উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, ১১ জুলাই বিহারের পাটনা এবং ১৪ জুলাই রাজধানী দিল্লিতে কর্মসূচি হবে। কংগ্রেসের সংগঠন বিষয়ক সাধারণ সম্পাদক কে সি বেঞ্জুগোপাল জানান, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার অনিয়ম, বেকারত্ব এবং ছাত্র ও চাকরিপ্রার্থীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রের ব্যর্থতার বিষয়গুলো তুলে ধরাই এই উদ্যোগের উদ্দেশ্য। এক বিবৃতিতে মিঃ বেঞ্জুগোপাল বলেন, পরীক্ষা সংক্রান্ত কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত ছাত্র, চাকরিপ্রার্থী, যুব সংগঠন ও শিক্ষকদের একত্রিত করবে এই অভিযান। তিনি অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার খরচ বৃদ্ধি এবং ন্যায্য ও স্বচ্ছ নিয়োগ ও শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতায় লক্ষ তরুণ ভারতীয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। বিবৃতি অনুযায়ী, অভিযানে মিঃ গান্ধী আগে তোলা দাবিগুলোই সামনে রাখবেন। তার মধ্যে রয়েছে জাতীয় যোগ্যতা-কাম-প্রবেশিকা পরীক্ষা নিট-এর বিকেন্দ্রীকরণ, পরীক্ষার ফি বাতিল, প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সরকারের সর্বোচ্চ স্তরে জবাবদিহি। পরীক্ষা সংক্রান্ত বিতর্কের জেরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেছে দল। কংগ্রেস নেতা জানান, জাতীয় ছাত্র সংসদ এনএসএসআই, ভারতীয় যুব কংগ্রেস এবং দেশজুড়ে দলের ইউনিটের মাধ্যমে ছাত্রদের সংগঠিত করা হবে। ক্যাম্পাস পরিদর্শন, কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয় ও স্কুলে মতবিনিময়, সামাজিক মাধ্যম প্রচার, সরাসরি সম্প্রচার এবং ছাত্রদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হবে এই আন্দোলনে।












