নয়াদিল্লি। ১১জুন: ২০২৫-২৬ কৃষি বর্ষে ভারত রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করেছে। ধান ও গমের ফলন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে। আজ একথা জানালেন কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী।
এক সামাজিক মাধ্যমের পাতায় মন্ত্রী লিখেছেন, এই সাফল্য ভারতের খাদ্য নিরাপত্তাকে আরও মজবুত করবে। দেশের কৃষকদের ক্ষমতা বাড়াবে এবং স্বনির্ভর ভারত গড়ার স্বপ্নকে আরও জোরদার করবে।
মন্ত্রী বলেন, কৃষকদের নিষ্ঠা ও লড়াইয়ের মানসিকতাই দেশের উন্নতির পথে শক্তি জোগাচ্ছে। তিনি আরও বলেন, রেকর্ড উৎপাদন আমাদের কৃষি ক্ষেত্রের শক্তির প্রমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কৃষক-মুখী উদ্যোগগুলির বদল আনার প্রভাবই এর পিছনে কাজ করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ধান-গমের এই রেকর্ড ফলন দেশে খাদ্যের জোগান স্বাভাবিক রাখতে সাহায্য করবে। পাশাপাশি রপ্তানির সুযোগও বাড়বে। এতে কৃষকদের আয়ও বাড়বে।












