বরাককণ্ঠ প্রতিবেদন। ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে শিলচরের সাংস্কৃতিক সংগঠন সুরমল্লার আজ কাছাড় জেলার জেলাশাসক আয়ুষ গর্গকে সম্মাননা ও ঔষধি গাছের চারা প্রদান করেছে। জেলা আয়ুক্তের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে কবি সুকান্ত ভট্টাচার্যের “এই পৃথিবীকে আমি শিশুর বাসযোগ্য করে যাব আমি” বার্তাকে সামনে রেখে এই উদ্যোগ নেয় সুরমল্লার। সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের হাতে স্মারক সম্মান তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষার প্রতীক হিসেবে ঔষধি গাছের চারা প্রদান করা হয়। বিশিষ্ট কবি সাহিত্যিক ড.কস্তুরী হোম চৌধুরী জেলাশাসকের হাতে ফুলের চারা তুলে দেন।
সম্মাননা প্রদানের সময় উপস্থিত ছিলেন বরাককণ্ঠের সম্পাদক সন্তোষ চন্দ এবং বিশিষ্ট কবি সাহিত্যিক ড. কস্তুরী হোম চৌধুরী। সুরমল্লারের এই অভিনব উদ্যোগের জন্য তারা সংগঠনের সচিব শান্তিকুমার ভট্টাচার্যকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমল্লারের সচিব শান্তিকুমার ভট্টাচার্য, সভানেত্রী ডাক্তার সুকৃতি ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী ড. শ্রাবণী সরকার, লোক শিল্পী শিবানী দাসগুপ্ত, সঙ্গীত শিল্পী শ্যামা ভট্টাচার্য ও অনামিকা পাল।
বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য বলেন, সুরমল্লার সাংস্কৃতিক সংস্থা বিভিন্ন সময় সামাজিক ও সাংস্কৃতিক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও তার ব্যতিক্রম হবে না। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু দিবস পালন নয়, প্রতিদিন বৃক্ষরোপণের মাধ্যমে শিলচরকে সবুজ ও দূষণমুক্ত রাখাই তাদের লক্ষ্য।












