সভাপতি মনোতোষ ধর ও কার্যকরী সভাপতি সন্তোষ চন্দের নেতৃত্বে টাঙ্ক রোডে বৃক্ষরোপণ, বন বিভাগ দেবে দুর্লভ চারা
নিজস্ব প্রতিবেদন : ধরিত্রীকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে আগামী শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন। কলমের জোরের পাশাপাশি এবার গাছের চারাই হয়ে উঠবে তাদের প্রতিবাদের ভাষা।
সংস্থার আয়োজক কমিটি জানিয়েছে, শুধু একদিনের অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না এই উদ্যোগ। শুক্রবার থেকেই শুরু হবে এ বছরের জন্য ঠিক করে রাখা বিভিন্ন পরিবেশ-সচেতনতামূলক কার্যক্রম। গোটা বছর জুড়ে চলবে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও নাগরিক সচেতনতার কাজ।
অনুষ্ঠানকে সর্বাঙ্গসুন্দর করে তুলতে সবার অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার সকাল ৯টায় শিলচর শহরের প্রাণকেন্দ্র টাঙ্ক রোডের ক্যাপিটাল পয়েন্টের সামনে সমবেত হবেন সংস্থার প্রত্যেক সদস্য, কর্মকর্তা ও শুভানুধ্যায়ী। সেখান থেকেই শুরু হবে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার শপথগ্রহণ।
সংস্থার সভাপতি মনোতোষ ধর এবং কার্যকরী সভাপতি সন্তোষ চন্দের নেতৃত্ব ও দিকনির্দেশনায় সংস্থাটি নিয়মিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। পরিবেশ রক্ষার এই কর্মসূচিও তাদের সেই ধারাবাহিকতারই অংশ।
এদিকে বন বিভাগের তৎপরতায় কৃতজ্ঞতা জানিয়েছে অ্যাসোসিয়েশন। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ দিবস উপলক্ষে সংস্থার হাতে তুলে দেওয়া হবে বেশ কিছু মূল্যবান ও দুর্লভ প্রজাতির গাছের চারা। এই চারাগুলো আগামী দিনে বরাকের সবুজকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানের সাফল্য কামনা করে সংস্থার সাধারণ সম্পাদক বিজয় দেবনাথ ও এ বছরের উৎসব কর্মসূচির সমন্বয়ক অনুপম দে সকলের কাছে উপস্থিত থাকার আবেদন জানিয়েছেন। “সবুজ বাঁচলে বাঁচবে বরাক” — এই বার্তাকেই পাথেয় করছেন তারা।
এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন সাধারণ সম্পাদক বিজয় দেবনাথ।
স্থান:ক্যাপিটাল পয়েন্ট, টাঙ্ক রোড, শিলচর
সময়:শুক্রবার, সকাল ৯টা












