নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে সরবরাহ বিঘ্নের আশঙ্কায় এলপিজি মজুত বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্র। আইওসি, বিপিসিএল ও এইচপিসিএল-কে ন্যূনতম ৩০ দিনের চাহিদা মেটানোর মতো অতিরিক্ত স্টোরেজ ক্ষমতা তৈরির পরিকল্পনা করতে বলা হয়েছে।
পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, ভারতের ৯০% এলপিজি উপসাগরীয় দেশ থেকে আসে। তিন মাসের সংঘাতে সরবরাহ ব্যাহত হওয়ায় এই সিদ্ধান্ত। দেশে এলপিজি উৎপাদন দৈনিক ৫২ হাজার টন, মজুত পর্যাপ্ত। কোনও ডিস্ট্রিবিউটরে স্টক ফুরোয়নি।
তবে কৃষিকাজের চাহিদা ও দামের পার্থক্যে ১৫০টির বেশি জেলায় পেট্রোল বিক্রি ৩০% বেড়েছে। বেসরকারি রিটেলারের ডিজেল বিক্রি ৩৮% কমেছে।
মজুতদারি রুখতে রাজ্যগুলিকে বিশেষ স্কোয়াড গঠনের পরামর্শ দিয়েছে সরকার। ভোক্তাদের আতঙ্কিত না হয়ে অনুমোদিত পাম্প থেকেই জ্বালানি কেনার অনুরোধ করা হয়েছে।












